ফ্লাইট বন্ধ, বিকল্প দুই রুটে সৌদি যাচ্ছেন প্রবাসীরা
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৬, ৮:৩৮:১১ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট: সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে উড়োজাহাজ চলাচল স্থগিত থাকায় বিকল্প পথ হিসেবে জেদ্দা ও মদিনা হয়ে কর্মস্থলে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় টিকিট পরিবর্তন করে দীর্ঘ পথ ঘুরে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দাম্মামে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ ঘোষণা করে সৌদি আরব কর্তৃপক্ষ। এমন বাস্তবতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই দুই গন্তব্যে ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা ১৮ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করেছে।
ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্তে সৌদি আরবের কর্মস্থলে ফেরা সাধারণ প্রবাসী শ্রমিকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রিয়াদ ও দাম্মামের টিকিটধারী যাত্রীরা এয়ারলাইনসগুলোর কার্যালয়ে এসে টিকিট বদল করছেন। জেদ্দা বা মদিনায় নেমে সড়কপথ কিংবা অভ্যন্তরীণ অন্য কোনো মাধ্যমে তাদের নির্ধারিত কর্মস্থলে পৌঁছাতে হবে।
পরিস্থিতি সামাল দিতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর ফলে এই রুটে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে।






