বালুর নিচে চোরাইপণ্য ট্রাকসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৬, ৮:৪২:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অভিনব কায়দায় বালুর নিচে লুকিয়ে আনা ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্যসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এঘটনায় ট্রাকের দুই আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- দুজন হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের মো. শামীম হোসেন (২৮) ও সামিম তরফদার (২৯)।
এসএমপি সূত্র জানিয়েছে, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে চেকপোস্টে কোম্পানীগঞ্জ থেকে সিলেট নগরগামী ঢাকা মেট্রো-ট-২০-২১২৫ নম্বরের ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ বস্তা ভারতীয় জিরা, ৩৫ বস্তা বিস্কুট, ১১ বস্তা জুস, ৮ বস্তা জেডকো ফুচকা ও ২ বস্তা পিংকো ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।






