আদর্শ সমাজ গঠনে জমিয়ত কর্মীদের এগিয়ে আসতে হবে: উবায়দুল্লাহ ফারুক
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৮:০১:০৯ অপরাহ্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তার বাস্তবায়নের আলামত দেখা যাচ্ছে না। তেল ও গ্যাসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ৯০ শতাংশ মুসলমানের এই দেশে কোরআনবিরোধী হেবা আইন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। এমন পরিস্থিতিতে জনগণকে সম্পৃক্ত করে আদর্শ সমাজ ও সরকার প্রতিষ্ঠায় জমিয়তের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাউন্সিল উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ বক্তা ছিলেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা লুকমান মাজহারি।
সিলেট জেলা দক্ষিণ জমিয়তের বিদায়ী সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্যসচিব হাফিজ মাওলানা আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে ত্রিবার্ষিক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান ও মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নেজাম উদ্দীন ও সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান ও সেক্রেটারি মাওলানা এবাদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তালেব উদ্দিন শমসের নগরী এবং সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগীর।
এ ছাড়া কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম, সদস্য মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম ও কাজী আমিন উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী সহসভাপতি মাওলানা শিক্ষক আহমদ, বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা এমাদউদ্দিন সালিম, হাকিম মাওলানা আব্দুল মান্নান এবং ওসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাউন্সিল শেষে মুফতি মুজিবুর রহমানকে সভাপতি, মাওলানা নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাওলানা রায়হান উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট জেলা দক্ষিণ জমিয়তের কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি






