সিলেটে হামে ৩ দিন পর ফের শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:০২:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে টানা ৩ দিন মৃত্যুহীন থাকার পর ফের আরেক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় হামে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ১ বছর ১৪ দিন বয়সী শিশু রুবির মৃত্যু হয়। এই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ১৩ জন। এই সময়ে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরও ১২৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৮ জন।
শনিবার (১৭ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯, রাগিব রাবেয়া মেডিকেলে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৪৪৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্টে ৫, পার্কভিউ মেডিকেলে ১৫, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিশ^নাথে ২, গোলাপগঞ্জ ৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৬, হবিগঞ্জে ২৫, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮০, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো ১৩৩ জন।






