সিলেটে বিজিবির ৩১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:০৮:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। শনিবার ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, কালাসাদেক, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং মিনাটিলা বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় গরু, কম্বল, সোয়েটার, টায়ার টিউব, টমেটো, কসমেটিকস, বাসমতি চাল, চকলেট ও শনপাপড়িসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়।
জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।






