মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:০৯:১৩ অপরাহ্ন
৩৭ ব্যালটে বদলে গেল ফল

সুলায়মান আল মাহমুদ, (যুক্তরাষ্ট্র) : দীর্ঘ আইনি লড়াই শেষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মুহিত মাহমুদ। গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার পর প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আল-হারাবিকে ১২ ভোটে পেছনে ফেলেছেন তিনি। তবে পরিবর্তিত ফলের আনুষ্ঠানিক প্রত্যয়ন ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া এখনো বাকি।
২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচনে মুহিত মাহমুদ ও অ্যাডাম আল-হারাবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্বাচনের পর গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট নিয়ে শুরু হয় আইনি লড়াই। দীর্ঘ প্রক্রিয়া শেষে মিশিগান কোর্ট অব আপিলস ব্যালটগুলো গণনার নির্দেশ দেন। পরে সুপ্রিম কোর্ট আপিল শুনতে রাজি না হওয়ায় ওই নির্দেশ বহাল থাকে।
অবশেষে ১৬ অক্টোবর শুক্রবার ওই ৩৭টি ব্যালট গণনার পর মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। অন্যদিকে, অ্যাডাম আল-হারাবির ভোট দাঁড়িয়েছে ২ হাজার ৭৭। এতে ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত মাহমুদ। এর মধ্য দিয়ে নির্বাচনের ফল তাঁর পক্ষে পরিবর্তিত হয়।
মুহিত মাহমুদের এই সাফল্যে হ্যামট্রাম্যাকের বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঘটনাটি নির্বাচনে প্রতিটি বৈধ ভোট গণনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার গুরুত্ব নতুন করে সামনে এনেছে। তবে ফলের আনুষ্ঠানিক প্রত্যয়ন ও মেয়রের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলেই বিষয়টি চূড়ান্ত হবে।






