জৈন্তায় ৩৭ লাখ টাকার মাদকসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:১৩:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল মহাসড়কে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ট্রাকের ওপর কলাপাতা দিয়ে ঢেকে মাদকগুলো পরিবহন করা হচ্ছিল।
আটক ব্যক্তিরা হলেন- নওগাঁর পোরশা উপজেলার শীষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশীপুর এলাকার মৃত আব্দুল হামীদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।
শনিবার এর সত্যতা জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে হরিপুর পুলিশ চেকপোস্টে একটি ট্রাকে অভিযান চালানো হয়। এসময় কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






