চাতলে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরকে মামলার নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:১৬:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। তবে এঘটনায় পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানি দেব। এসময় এয়ারপোর্ট থানার এএসআই এনামুল হক, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়াসহ সংশ্লিষ্ট ফোর্স উপস্থিত ছিলেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াৎ জানান, অবৈধভাবে টিলা কাটা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের টিলা কাটা থেকে বিরত থাকা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।






