শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:২৪:০২ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন বহুল প্রত্যাশিত শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শনিবার বিকেলে উপজেলার আমুড়া ও বুধবারীবাজার ইউনিয়নের সংযোগস্থলে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, সেতু নির্মাণের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে এবং যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে, তাঁদের কাগজপত্র যাচাই করে সরকার ন্যায্য পাওনা পরিশোধ করবে।
তিনি বলেন, উন্নয়নের স্বার্থে কখনো কখনো কিছু মানুষকে ছাড় দিতে হয়। তবে এর সুফল ভোগ করেন হাজার হাজার মানুষ, আর সেই অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে। সেতুটির নির্মাণকাজ শেষ হলে সিলেট থেকে বিয়ানীবাজার উপজেলার দূরত্ব কয়েক কিলোমিটার কমে আসবে। পাশাপাশি সিলেট-৬ আসনের মানুষও এ সেতুর সুফল পাবেন।
এমরান আহমদ চৌধুরী আরও বলেন, সেতুটি চালু হলে এলাকার যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি জমির মূল্য বৃদ্ধি পাবে এবং এলাকার বেকার যুবক-তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
সেতুর কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিফ কনসালট্যান্ট আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সেতুর এ পর্যন্ত ৪০টি পিলারের কাজ শেষ হয়েছে। ২০২৮ সালের জুন মাসের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, সেতুর নির্মাণকাজের অগ্রগতি এবং জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পাওনা আদায়ের বিষয়ে সংসদ সদস্যের ভূমিকার কথা উল্লেখ করে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা নিশ্চিত করার বিষয়ে এমরান আহমদ চৌধুরীর বক্তব্য তাঁদের আশাবাদী করেছে। বিজ্ঞপ্তি





