দোয়ারায় সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৭:১০:২৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়াকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আব্দুল আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে সাংবাদিক মোতালিব ভূঁইয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
আহত মোতালিব ভূঁইয়া জাতীয় দৈনিক সংবাদ-এর দোয়ারাবাজার উপজেলা সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিভিন্ন সংবাদ প্রকাশ করে আসছিলেন। অভিযুক্ত আব্দুল আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের মো. ইউসুফ ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় গুরুতর আহত সাংবাদিককে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
আহত সাংবাদিকের অভিযোগ, আব্দুল আহাদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক ও চোরাই পণ্যের কারবারের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং এ নিয়ে সংবাদ প্রকাশ করায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন আহাদ। এর আগেও তাঁকে হত্যার উদ্দেশ্যে কার্যালয়ে হামলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অভিযোগও করেছিলেন বলে জানান মোতালিব ভূঁইয়া।
সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কার্যালয়ে প্রবেশ করেন আহাদ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর ডান হাতের কবজি, বাঁ হাতের কনুই, গলা, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার এবং সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাংবাদিকের খোঁজখবর নেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজন অভিযুক্ত আব্দুল আহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।






