মালয়েশিয়ার পেনাংয়ে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৭:১১:০৬ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত তিন শতাধিক বাংলাদেশিকে পাসপোর্ট ও বিভিন্ন কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়।
গত ১৭ ও ১৮ অক্টোবর জর্জ টাউনের এনবিএল রেমিট্যান্স হাউসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ই-পাসপোর্ট নিবন্ধন ও পাসপোর্ট বিতরণসংক্রান্ত সেবাসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ক্যাম্পটি পরিচালনা করে। এ সময় প্রবাসীদের ভ্রমণ অনুমতিপত্র, পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্রসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।
পেনাংয়ে বসবাসরত বাংলাদেশিদের কাছে সহজে কনস্যুলার সেবা পৌঁছে দেওয়া এবং পাসপোর্টসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থান ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন পরিহার এবং দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও স্থানীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।
প্রবাসীদের জরুরি পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিশ্চিত করার পাশাপাশি আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





