বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৯:৩০:০০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সোমবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়ি থেকে সুমি জাহান (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার চন্ডিনগর গ্রামের দুবাই আহাদুজ্জামান (৪২)-এর প্রথম স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য নিহত গৃহবধুর লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুবাইপ্রবাসী আহাদুজ্জামানের প্রথম স্ত্রী গৃহবধু সুমি জাহান স্বামীর বাড়িতে ছিলেন। তাদের ১৭ বছর বয়সী এক মেয়ে ও ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে। সোমবার দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাকে পাচ্ছিলেন না। খুঁজার একপর্যায়ে শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ। লাশ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





