হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৬, ৮:৪৯:৫২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন জনসম্মুখে মুখ দেখাচ্ছেন না, তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে উঠেছে একাধিক প্রশ্ন-তিনি কি অসুস্থ, নাকি রাজনৈতিকভাবে গৃহবন্দি? তবে এসব দাবিকে কেবল অনুমাননির্ভর উল্লেখ করে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন, এটি পুরোপুরি তার নিজস্ব রাজনৈতিক কৌশলের অংশ।
সম্প্রতি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে একটি জাতীয় দৈনিকের প্রতিনিধির কথা হয়। ডেনমার্ক আওয়ামী লীগের এক শীর্ষ নেতা দাবি করেন, শেখ হাসিনা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি আত্মগোপনে বা আড়ালে আছেন রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে।
ইউরোপে অবস্থানরত দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন মাধ্যমে সরাসরি দেশে বক্তব্য দেওয়ার চেয়ে দেশে ফিরেই জনগণের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছেন। যা বলার, তা তিনি সরাসরি দেশের মাটিতে পা রেখেই জনগণের সামনে তুলে ধরতে চান। তার আগে ভার্চুয়ালি বা প্রকাশ্যে মুখ দেখানোর কোনো পরিকল্পনা তার নেই। সম্প্রতি দিল্লিতে নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক হয়েছে বলেও তারা দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের দাবি, শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরবেন। বর্তমানে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকা এবং হামলা-মামলার মুখে নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও দলীয় সভাপতি দেশে ফিরলে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি শুরু হবে বলে তারা জানান।
তবে আইনি জটিলতা, গ্রেপ্তারি পরোয়ানা এবং দেশে বিদ্যমান রাজনৈতিক সংকটের মধ্যে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদৌ দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, মামলার ভয় ও অনিশ্চয়তায় নিষ্ক্রিয় হয়ে পড়া তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই দেশে ফেরার এমন বার্তা দেওয়া হচ্ছে।





