তাহিরপুরে বিষে মরলো ১০ লাখ টাকার মাছ
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৬, ৬:২২:৩৩ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে সর্বস্ব হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন চার মাছচাষি। শুক্রবার ভোররাতে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিকসা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিকসা গ্রামের বাসিন্দা এবিএম বখতিয়ার, তৌহিদুল মিয়া, মুক্তার হোসেন ও মানিক মিয়া চার বন্ধু মিলে নিজেদের ভাগ্য পরিবর্তন এবং সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে মাছ চাষ শুরু করেন। নিজেদের জমানো অর্থের পাশাপাশি ঋণ নিয়ে এলাকার একটি পুকুরে মাছ চাষে বিনিয়োগ করেন তাঁরা। কিন্তু রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় তাঁদের সেই স্বপ্ন ভেঙে গেছে।
শুক্রবার সকালে পুকুরে গিয়ে তাঁরা দেখতে পান, পাঙ্গাশ, মাগুর ও গুলশাসহ বিভিন্ন প্রজাতির অধিকাংশ মাছ মরে পানিতে ভেসে উঠেছে। একই সঙ্গে কাঁকড়াসহ অন্যান্য জলজ প্রাণীও মরে ভেসে ওঠে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষিরা।
এবিএম বখতিয়ার, তৌহিদুল মিয়া, মুক্তার হোসেন ও মানিক মিয়া জানান, সকালে খবর পেয়ে দ্রুত পুকুরে গিয়ে মাছ মরে ভেসে থাকতে দেখেন তাঁরা। পানিতে বিষের গন্ধও পাওয়া গেছে। রাতের আঁধারে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যারা এ কাজ করেছে, তা কোনোভাবেই কাম্য নয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, মাছ নিধনের ঘটনায় খামারিদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





