কোম্পানীগঞ্জে ৮৪ লাখ টাকার ওষুধ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:৫০:৫৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ। শনিবার সন্ধ্যায় উপজেলার বটেরতল গ্রামের একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৮৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। একই দিন ভোরে পৃথক অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও কসমেটিকস জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানতে পারে, বটেরতল গ্রামের একটি বাড়ির গোডাউনে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। পরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. উছমান গণির নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২৯ কার্টন ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ টাকা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার পাড়য়া কালাসাদেক গ্রামের ময়না মিয়ার ছেলে মাহমুদুল হাসান রাব্বি (২২) এবং বটেরতল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সারোয়ার জাহান (৩০)।
এদিকে, একই দিন ভোরে উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে পুলিশের পৃথক অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও কসমেটিকস জব্দ করা হয়।
সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধ দেশে প্রবেশ এবং অনলাইনে এসব ওষুধ বিক্রির বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ওষুধগুলো অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। যৌন উত্তেজক হিসেবে প্রচার করে বিভিন্ন ধরনের অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে এসব ওষুধ বাজারজাত করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. উছমান গণি বলেন, কোম্পানীগঞ্জ থানা এলাকায় ভারতীয় অবৈধ পণ্যের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও ওষুধসামগ্রী জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, পৃথক ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।






