সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৮:৪৪:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। রোববার ভোরে সিলেটের কানাইঘাট সীমান্তে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুয়াবাড়ি নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা।
একই দিন সকালে সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় জিরা, ৩৩২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১টি অটোরিক্সা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ২১ হাজার টাকা।
পৃথক অভিযানে জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য মোট ১০ লক্ষ ৭১ হাজার টাকা।
রোববার (১ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।






