সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৮:৪৬:০৩ অপরাহ্ন
আক্রান্ত ৯০০ ছুঁইছুঁই

স্টাফ রিপোর্টার : সিলেটে থামছেনা ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এনিয়ে এবছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন।
রোববার (১ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৬৪ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্ট মেডিকেলে ২, মাউন্ট এডোরা হাসপাতালে ১, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ৮৯৬ জনের মধ্যে হবিগঞ্জে ৩৬৪, সুনামগঞ্জে ২০৪, সিলেটে ২১৩ এবং মৌলভীবাজারে ৮২ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২৫ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা ৪ বছর বয়সী ফারদিন আহমদ। এর আগে গত ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিকেলে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কোন মৃত্যু না হলেও ২১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।






