মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৯:০৮:১৫ অপরাহ্ন

মসজিদকেন্দ্রিক ধর্মীয় শিক্ষার প্রাথমিক স্তম্ভ মক্তব। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিশুদের পবিত্র কোরআন শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার পাঠ দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। অথচ মক্তব শিক্ষার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক অবস্থা ও জীবনমান অনেক ক্ষেত্রেই উপেক্ষিত। তাঁদের সম্মানজনক বেতন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি হারিয়ে যেতে বসা মক্তব শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে হবে।
শনিবার রাতে সিলেট নগরের একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘চারণধ্বনি’র প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন।
‘কানাইঘাট উপজেলার মসজিদের ইমাম ও মক্তব শিক্ষার বর্তমান অবস্থা: একটি সমীক্ষা’ শীর্ষক গবেষণাসহ বিভিন্ন লেখার সংকলন ‘চারণধ্বনি’র প্রকাশনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা, ধর্ম, সমাজসেবা, রাজনীতি ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে গুণিজনদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ টিকিয়ে রাখতে প্রথাগত মক্তব শিক্ষাকে পুনরুজ্জীবিত করতে হবে। একই সঙ্গে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এহসানুল হক জসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আজহারুল ইসলাম উসামা। মরমি কবি ইব্রাহিম তশনার ‘তুমি গগনের শশী’ গানটি পরিবেশন করেন আলী হায়দার। এ সময় বড় পর্দায় গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সিলেট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান বলেন, মক্তব শিক্ষার ত্রুটিগুলো দূর করে তাওহিদভিত্তিক শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের সঠিকভাবে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
প্রফেসর ডা. শিব্বির আহমদ শিবলি বলেন, বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে ইমাম ও মক্তব শিক্ষার বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। এ উদ্যোগ প্রশংসনীয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া বলেন, মক্তব শিক্ষা প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থা। সম্মিলিত উদ্যোগে মক্তবকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার পাশাপাশি শিশুদের মক্তবমুখী করতে হবে।
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার বলেন, মসজিদ ইসলামী সভ্যতার বুনিয়াদি কেন্দ্র। মসজিদকেন্দ্রিক মক্তব ইসলামী শিক্ষার অন্যতম কেন্দ্র এবং মূল্যবোধ চর্চার প্রাথমিক ভিত্তি। মক্তব ব্যবস্থা চালু থাকলে সমাজ আরও সুন্দর ও বাসযোগ্য হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সহসভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্যসচিব সৈয়দ আব্দুল মালিক। প্রকাশনা উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাফর তালহ অনুষ্ঠান সফল করায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট পাইলট স্কুলের সাবেক প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সৌদি প্রবাসীদের পক্ষ থেকে কমিউনিটি নেতা ওয়েস আহমদ, দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, কানাইঘাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার ফারুকী, উপজেলা জামায়াতের আমীর কামাল উদ্দিন, লেখক মাওলানা মাহবুব সিরাজী, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, অ্যাডভোকেট আখলাকুল আম্বিয়া, মুন্সিগঞ্জের হরগঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসাদ উদ্দিন, শিক্ষক নেতা মোহাম্মদ এখলাছে এলাহি, শিক্ষক শহিদুল ইসলাম, কানাইঘাট সমিতি সিলেট মহানগরের সেক্রেটারি জাকারিয়া এবং ঝিংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর প্রমুখ। বিজ্ঞপ্তি





