মহানগর বিএনপির সাথে মতবিনিময়ে রিজভী: সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৭:০৩:৩০ অপরাহ্ন

মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতে দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দেশের অভ্যন্তরেও একটি রাজনৈতিক শক্তি এসব ষড়যন্ত্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।
সোমবার দুপুরে নগরীর তোপখানাস্থ কার্যালয়ে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমীরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায়’ থাকার বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, সংসদে কোনো ধরনের আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তাঁদের কর্মকাণ্ড এসব ঘটনার পেছনে ইন্ধন জোগাচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। এ ছাড়া কেউ চোরাপথে কিংবা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কোনো দেশ বা চক্র জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখারও আহ্বান জানান বিএনপির এই নেতা।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ। বিজ্ঞপ্তি






