পাসের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৭:০৪:২০ অপরাহ্ন
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, কেবল পাসের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য। শুধু পরীক্ষায় পাস করে ভালো গ্রেড অর্জন করলেই হবে না, বাস্তব জীবনে অর্জিত শিক্ষার প্রয়োগও জানতে হবে। পাস করে ভালো ফলাফল অর্জনের পর চাকরির সাক্ষাৎকারে গিয়ে কিছুই বলতে না পারা কাম্য নয়। সরকার এ ধরনের শিক্ষাব্যবস্থা চায় না। তিনি বলেন, এ সরকারের আমলে পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থী ও প্রকৃত সুনাগরিক তৈরি করতে হবে।
সোমবার গোলাপগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সরকার ১ লাখ ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
মিড-ডে মিল কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্কুলব্যাগ, জুতা ও ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ রয়েছে। মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের শুধু বিদেশে যাওয়ার স্বপ্ন দেখলে চলবে না; ভালোভাবে লেখাপড়া করে দেশের জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের জন্য অভিশাপ হয়ে উঠছে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন হতে হবে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জিন্নুর আহমদ চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলী এবং উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো. আব্দুল কাদির ও মো. ইখতিয়ার উদ্দিন। বিজ্ঞপ্তি





