হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৬:১৯:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক।
আহতদের মধ্যে তোফাজ্জুল মিয়া, জিতু মিয়া, আব্দুল আহাদ, আদম আলী, সোহেল মিয়া, সানু মিয়া, নানু মিয়া লিটন মিয়া, নুরুজ মিয়া, মারাজ মিয়া, হাবিবুর রহমান, এমদাদুল মিয়া, শিষ আলী, পারভেজ মিয়া, বিলাল মিয়া এবং আক্কাস মিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে নিতাইরচক গ্রামের নানু মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। চুরির ঘটনার সঙ্গে রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের এক যুবকের জড়িত থাকার অভিযোগ উঠে। পরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার জন্য এদিন সকালে এলাকার স্থানীয় মুরুব্বিরা সালিশি বৈঠকের আয়োজন করেন। তবে দুই গ্রামের লোকজন বৈঠকে উপস্থিত না হয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এতে উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন। ওসি জাহিদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।






