কুলাউড়ায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৯:৩৭:০৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দস্তগাঁও সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অভিযান চালিয়ে ১ হাজার ৭২৫ প্যাকেট বা ৩৪ হাজার ৫০০ শলাকা ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর একটি টহল দল কুলাউড়া উপজেলার দস্তগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাইমের ঘাট নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অভিযান চলাকালে আনুমানিক ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোঁড়েন। পরে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর বিজিবি সদস্যরা অভিযান অব্যাহত রেখে সিগারেটগুলো উদ্ধার করেন।
উদ্ধার করা সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি হামলায় জড়িত ও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।





