শব্দদূষণবিরোধী অভিযানে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৮:০২:১০ অপরাহ্ন

সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর বিধি ৬(২) অনুযায়ী জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা পরিচালনা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিপণন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।





