নবীগঞ্জে ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৪৬:৩৫ অপরাহ্ন
শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, সনদ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন না থাকলেও বড় বড় সাইনবোর্ড টানিয়ে চেম্বার খুলে রোগী দেখছেন এক শ্রেণির ব্যক্তি। তাঁদের খপ্পরে পড়ে প্রতারিত হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসার ঝুঁকিতে পড়ছেন উপজেলার সাধারণ মানুষ।
উপজেলার বিভিন্ন বাজারের অলিগলি, ফার্মেসির ভেতরে এমনকি গ্রামের হাটবাজারেও গড়ে উঠেছে এসব কথিত চিকিৎসকের চেম্বার। তাঁদের কেউ নিজেকে এমবিবিএস, কেউ মেডিসিন বিশেষজ্ঞ, আবার কেউ শিশু ও নারী রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিচ্ছেন। অথচ খোঁজ নিতে গেলে তাঁদের অনেকেরই প্রয়োজনীয় সনদ ও নিবন্ধন থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য জ্বর, সর্দি কিংবা পেটব্যথা নিয়ে এসব চেম্বারে গেলে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা এবং দামি ওষুধ লিখে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ভুল চিকিৎসায় রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে রোগীকে নিয়ে ছুটতে হয় সিলেট কিংবা হবিগঞ্জ সদর হাসপাতালে। ততক্ষণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
সচেতন মহলের মতে, গ্রামের মানুষের অসচেতনতা, বড় হাসপাতালে চিকিৎসা নিতে অর্থ ও সময়ের অভাব, ফার্মেসিতে সহজেই কথিত চিকিৎসক পাওয়ার সুযোগ এবং প্রশাসনের নিয়মিত অভিযান না থাকার কারণে এ ধরনের কর্মকাণ্ড বাড়ছে।
নবীগঞ্জের একজন দায়িত্বশীল চিকিৎসক বলেন, ভুয়া চিকিৎসকদের ভুল চিকিৎসায় রোগীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। অনেক রোগী তাঁদের কাছে আসেন এমন পর্যায়ে, যখন চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই চিকিৎসা নেওয়ার আগে চিকিৎসকের সনদ ও নিবন্ধন যাচাই করা জরুরি।
এদিকে, স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা নবীগঞ্জের প্রতিটি বাজারে ভুয়া চিকিৎসকদের তালিকা তৈরি করে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, যাঁদের বিএমডিসি নিবন্ধন নেই, তাঁদের অবৈধ চিকিৎসাকেন্দ্র বন্ধ করতে হবে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।



