নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৯:১৮:৪৯ অপরাহ্ন
প্রার্থীদের ভরসা ফেসবুক

শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। বর্তমান জনপ্রতিনিধিদের মেয়াদও শেষ হয়নি। এরই মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জে শুরু হয়েছে আগাম নির্বাচনী প্রচারণা। উপজেলার ১৩টি ইউনিয়নের ৩৬৯টি গ্রামে এখন আলোচনার বিষয়-আগামী নির্বাচনে কে হচ্ছেন চেয়ারম্যান, কে হচ্ছেন সাধারণ সদস্য, আর কে পাচ্ছেন সংরক্ষিত নারী সদস্যের দায়িত্ব।
সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা প্রচারণার প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে। ফেসবুক খুললেই চোখে পড়ছে তাঁদের প্রচারণামূলক পোস্ট। কেউ নিজের ছবি দিয়ে দোয়া ও সমর্থন চাইছেন, কেউ গ্রামের রাস্তাঘাটের ছবি প্রকাশ করে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ আবার সরাসরি লাইভে এসে বলছেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে থাকতে চাই।’
এছাড়া ফেসবুক পেজ খোলা, ইউটিউবে ভিডিও প্রকাশ এবং টিকটকে বক্তব্য দেওয়ার মাধ্যমেও চলছে প্রচারণা। চায়ের দোকানে আড্ডা, মসজিদ-মাদ্রাসা পরিদর্শন কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ছবি—সবই স্থান পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইনে।
নতুন সম্ভাব্য প্রার্থীদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন, মাদকমুক্ত ইউনিয়ন গঠন, বিধবা ও বয়স্ক ভাতা বিতরণে স্বজনপ্রীতি বন্ধ এবং ইউনিয়ন পরিষদকে দালালমুক্ত করা।
এদিকে, নবীগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুনের প্রচারণাও চোখে পড়ছে। শহরের মোড়, বাজার, গ্রামের সড়ক ও পাড়া-মহল্লায় ঝুলছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার।
ব্যবসায়ী জাবেদ ইকবাল তালুকদার বলেন, ব্যানার-ফেস্টুনের অর্ডার বেড়ে যাওয়ায় প্রেসগুলোতে দিনরাত কাজ চলছে।
তবে প্রবীণ ভোটারদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার চেয়ে প্রার্থীদের বাস্তব কর্মকাণ্ড বেশি গুরুত্বপূর্ণ। প্রবীণ ভোটার আব্দুল জলিল (৭৫) ও মো. নামদার মিয়া (৬৫) বলেন, ফেসবুকে সুন্দর কথা বললেই হবে না। বাস্তবে কে মানুষের পাশে ছিলেন, বিপদে কাকে পাওয়া গেছে, করোনার সময় কে খাবার দিয়েছেন কিংবা বন্যার সময় কে সহায়তা করেছেন—ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁরা এসব বিষয় বিবেচনা করবেন। আরেক প্রবীণ ভোটার ইউছুফ মিয়া বলেন, ‘ফেসবুকে সবাই ভালো। কিন্তু ভোট দেব তাঁকে, যিনি বিপদে মানুষের পাশে দাঁড়ান। ব্যানার দেখে নয়, মানুষের ভালো গুণ ও কর্মকাণ্ড বিবেচনা করেই ভোট দেব।’
সব মিলিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নবীগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ব্যানার-ফেস্টুন ও সরাসরি জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ভর করবে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা ও নির্বাচনী প্রতিশ্রুতির ওপর।




