তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৯:১২:০১ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারত থেকে অবৈধ পথে আসা একটি ঘোড়াসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা।
রোববার ভোররাতে উপজেলার তিনটি সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াঘাট, চানপুর ও লাউড়েরগড় সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়। এর মধ্যে বালিয়াঘাট বিওপি কয়লা, চানপুর বিওপি একটি ঘোড়া এবং লাউড়েরগড় বিওপি জিরাসহ বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




