ছাতকে রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৬:০৩:৩১ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে দিনমজুর রাসেল হক হত্যার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে ছাতক সদর ইউনিয়নের মুক্তিরগাঁও (রাতগাঁও) পয়েন্টে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে, রাসেল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং ও গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়েছে। একই দিন সকালে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাতক সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা দিনমজুর রাসেল হককে জোরপূর্বক পরিকল্পিতভাবে গ্রামের সড়কের পাশের একটি কদমগাছে তুলে হত্যা করা হয়েছে। সহজ-সরল প্রকৃতির একজন দিনমজুরকে এভাবে হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ঘটনায় গ্রাম্য পঞ্চায়েতের পক্ষ থেকেও একাধিক বৈঠক করে বিচারের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর, মুক্তিরগাঁও গ্রামের সেলিম আহমদ, সাদেক মিয়া, জাকির হোসেন, সোহেল আহমদ, ফসল আহমদ, নানু মিয়া, কান্দিরগাঁও গ্রামের বাসিন্দা সুজন মিয়া, হিরন মিয়াসহ অনেকে।




