বড়লেখায় বেপরোয়া টিলাখেকোরা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৬:০৪:২৯ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বেপরোয়াভাবে কাটা হচ্ছে প্রাকৃতিক টিলা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র ৩০০ থেকে ৪০০ মিটার দূরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় প্রকাশ্যে এক বিশাল টিলা কেটে ফেলা হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার কারণে প্রশাসনকে অবহিত করার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজের পূর্ব পাশে একটি বিশাল টিলা এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে। টিলা কাটার পাশাপাশি ধ্বংস করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছপালা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্যে অবৈধভাবে টিলা কাটতে দেখে তাঁরা বিষয়টি ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযান পরিচালনা না করে লোক পাঠিয়ে খোঁজখবর নেন। এরই মধ্যে টিলা কাটার কাজে নিয়োজিত ব্যক্তিরা এক্সকাভেটর (ভেকু মেশিন) সরিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এমন দায়সারা ভূমিকার সুযোগেই অবাধে চলছে টিলা কাটা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, পৌর ও ওয়ার্ড বিএনপির দুই প্রভাবশালী নেতা সুনামগঞ্জের একটি ইউনিয়নের বাঘমারা গ্রামের ফয়সাল আহমদ নামের এক প্রবাসীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তাঁর মালিকানাধীন বিশাল টিলাটি কাটছেন। তাঁদের দাবি, ওই দুই নেতা প্রশাসনকে আগেই বিষয়টি জানিয়ে রেখেছেন, যাতে টিলা কাটার কাজে কোনো বাধা দেওয়া না হয়। এ কারণেই অভিযোগ পাওয়ার পরও ইউএনও, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আইনগত ব্যবস্থা নিচ্ছেন না। তবে রোববার দুপুরে সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে এক্সকাভেটর পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউএনও মাহবুব আলম মাহবুব জানান, খবর পাওয়ার পর পৌরসভার উপসহকারী প্রকৌশলীকে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। টিলা কাটায় ব্যবহৃত এক্সকাভেটর ঘটনাস্থলে থাকলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। আবারও টিলা কাটা শুরু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




