দুর্ভোগে মৌলভীবাজার ও রাজনগরের দেড় লাখ মানুষ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৬:০৬:০৯ অপরাহ্ন

মো. আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা মিলিয়ে প্রায় ৪৪ কিলোমিটার সড়কের মধ্যে ৩৮ কিলোমিটারই বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়োবৃদ্ধ ও গর্ভবতী নারীরা। ভাঙাচোরা সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট নতুন ব্রিজ থেকে রাজনগর উপজেলার আব্দুল্লাহপুর, খেয়াঘাটবাজার ও কালারবাজার পর্যন্ত বিস্তৃত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়ক দেবে যাওয়ায় যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন এই সড়কের মাত্র ৬ কিলোমিটার অংশের সংস্কারকাজ সম্প্রতি শেষ হয়েছে। তবে বাকি ৩৮ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ এখনো শুরু হয়নি।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, মৌলভীবাজার জেলার একেবারে শেষ প্রান্তে সড়কগুলোর অবস্থান হওয়ায় এগুলোর প্রতি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজর নেই। জেলা শহর ও সদর এলাকার উন্নয়নে গুরুত্ব দেওয়া হলেও প্রান্তিক এলাকার সড়কগুলোর দুরবস্থা দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। এ অবস্থায় গ্রামাঞ্চলের প্রায় দেড় লাখ মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য ও মৌলভীবাজার এলজিইডি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন দুই উপজেলার বাসিন্দারা।
এদিকে, সম্প্রতি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের শাহাপুর ও জাহিদপুর এলাকায় অবশিষ্ট সাড়ে ৩ কিলোমিটার অংশের কাজ শুরু করলেও নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে একপর্যায়ে কাজ বন্ধ করে চলে যায় বলে জানা গেছে। এতে আংশিক সংস্কারাধীন সড়কে চলাচলে স্থানীয়দের দুর্ভোগ আরও বেড়েছে।
সড়কের উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী বলেন, গ্রামীণ এলাকার মানুষের দৈনন্দিন জীবনে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেহাল সড়কটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে রাজনগর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আব্দুল গণি বলেন, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে সড়কের কিছু অংশের সংস্কারকাজে ঠিকাদাররা এগিয়ে আসছেন না। অন্য অংশগুলো সংস্কারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসেন বলেন, আপাতত সড়কের মীরপুর অংশে ৩ কিলোমিটার সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে।




