সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:৫৯:০২ অপরাহ্ন
নতুন ভর্তি ১৩৬

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে এবার এক তরুণের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ১৯ বছর বয়সী তরুণ সোহেল মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন করে ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৩৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৩ জন।
শনিবার (১৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৭০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৪৫২ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৪৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৯, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮, নর্থ ইস্ট মেডিকেলে ১৫, পার্কভিউ মেডিকেলে ২০, মাউন্ট এডোরা হাসপাতালে ৮, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৩ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮৫, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৯, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়। এই সময়ে ৬৫ জন নতুন হাম রোগী শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৬৮ জন।





