রাজনীতির মঞ্চে লু-হাওয়া
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৪:০২:২৬ অপরাহ্ন
জালালাবাদ প্রতিবেদন : ক্যালেন্ডারের পাতা বলছে শীত এসেছে। ওদিকে, দেশের রাজনৈতিক মঞ্চে বইছে লু হাওয়া। খবর এসেছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। ঠিক তার আগের মুহূর্তে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত হঠাৎই জ্বললো বাস, বিস্ফোরণ ঘটলো ককটেল। উত্তপ্ত হয়ে ওঠা এই রাজনৈতিক সমীকরণের শেষ কোথায়-সেদিকেই কৌতুহলী দৃষ্টি সবার।
তবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনাকে কোন পাসপোর্ট দেওয়া হবে না। ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই। তবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর সম্ভাব্য দেশে ফেরা কি বাস্তব নাকি নিছক রাজনৈতিক বাগাড়ম্বর-সেই প্রশ্নই এখন টক অব দ্য কান্ট্রি।
গণমাধ্যমে রিপোর্ট এসেছে, হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা সামনে রেখে লকডাউনের আড়ালে বড় ধরনের কর্মসূচীর ছক কষছে আওয়ামী লীগ। এ নিয়ে ভারতের কলকাতায় বৈঠক হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠক করেন নেতারা। ভারতে অবস্থানরতদের পাশাপাশি যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র থেকেও বৈঠকে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করার পর তাঁর অনুসারী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার চেষ্টা করেছেন। ৪ দিনে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৬০টি ককটেল বিস্ফোরণ এবং একাধিক গণপরিবহন ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মারা গেছেন এক বাস চালকও। গোপালগঞ্জে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। তবে দলের ভেতরেই এই ঘোষণা কতটা বাস্তবসম্মত বা রাজনৈতিক কৌশল, তা নিয়ে দ্বিধা ও সংশয় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ভেতরে বা বাইরে থেকে কোনো উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।
হাসিনাকে দেশে ফিরতে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার সাংবাদিকদের তিনি বলেছেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এ প্রসঙ্গে ১৯৭৩ সালের আইনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ওই আইনের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।
এদিকে, ডিসেম্বরকে ততটা গুরুত্ব না দিলেও কড়া অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ জুলাই অভ্যূত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো। দলগুলোর নেতাদের বক্তব্য অনুযায়ী, ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতার দিকে নজর রাখছেন তারা। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় রাজনৈতিক কর্মসূচি নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
গতকাল শনিবারও কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতারা কলকাতা ও থাইল্যান্ডে পলাতক থাকলেও দেশের তৃণমূলের টোকাইদের মাধ্যমে ককটেল বোমা হামলা চালাচ্ছে। বিশৃঙ্খলা করলে বিএনপি নেতাকর্মীরা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। রিজভী বলেন, শেখ হাসিনার মতো তার বাবা শেখ মুজিবও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারই রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা এখন পলাতক, মানবতাবিরোধী অপরাধী। মানুষ হত্যার দায়ে তার যে দণ্ড হয়েছে, আইন অনুযায়ী তার সাজা নিশ্চিত হবে।
ওদিকে, দলীয় কর্মসূচি সফল ও প্রাণবন্ত করতে আগামী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভারতে পালিয়ে গিয়েও দেশের মানুষকে এখনো কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। আওয়ামী লীগ যদি এতই শক্তিশালী হতো, তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না। ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকানোর কিছু নেই।
সব মিলিয়ে শেখ হাসিনার ডিসেম্বরকেন্দ্রিক দেশে ফেরার আলোচনা ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নজরদারি ও বক্তব্য-পাল্টা বক্তব্য বাড়ছে। তবে এখন পর্যন্ত তার দেশে ফেরার কোনো নিশ্চিত সময়সূচি বা বাস্তব প্রত্যাবর্তনের প্রমাণ সামনে আসেনি। ফলে ডিসেম্বর ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই এখন আলোচনার বিষয়।
এই পরিস্থিতিতে সরকারকে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, এখন একটা স্থিতিশীলতার মধ্যে দেশটা আছে। এই অবস্থা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এটা মাথায় রাখতে হবে। এটার মূল দায়িত্ব সরকারের।
এই অধ্যাপক আরও বলেন, সব পক্ষই এখন রাজনৈতিকভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ কারণে সরকারকেই মূল ভূমিকা নিতে হবে। সরকারকে এমনভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো পক্ষই পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ না পায়।




