যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমীর: জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৭:১২:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। ফ্যসিবামুক্ত বাংলাদেশ গঠনে কারো সাথে আমরা আপস করবো না। তিনি শনিবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহাকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার; সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সরকার।
সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বার বার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ঘটিয়েছে। ১৪০০ যুবক-যুবতির রক্তের বিনিময়ে আমরা এটি পেয়েছি। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিল। তারা সকল ক্ষেত্রে ন্যায়বিচার চেয়েছিল। মানুষের মৌলিক অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সাথে আচরণ করবে- তারা সেটি চেয়েছিল।
তিনি বলেন, জনআকাক্সক্ষাকে, বিপ্লবীদের আকাঙক্ষাকে ধারণ করে চব্বিশের ৫ আগস্টের রক্তকে সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য পরিষদ হয়েছিল। ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সেখানে জুলাই চার্টার রচিত হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচন হবে। একটি সরকার গঠন আরেকটি রাষ্ট্রের সংস্কার বা পরিগঠন। নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মানলেন, আরেকটি মানলেন না, প্রতারণা করলেন। সংকটটি তারাই তৈরি করল। আমরা বলেছি, আমরা এ প্রতারণা মানবো না, জাতি মানবে না। বিএনপির দেয়া ওয়াদা পূরণ করতেই হবে। আমরা জনগণের এ দাবি আদায় করে ছাড়ব। আমরা এ দাবি পরিত্যক্ত হতে দেবো না। সরকার এ দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন সংশোধন চিৎকার করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ ভাগ মানুষ রায় দেয়নি। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে। নির্বাচনী ব্যবস্থার উপরে কুঠারাঘাত করছে। মানুষের আস্থার ভিত ধ্বংস করে দিচ্ছে সরকার। যে জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। ফ্যসিবামুক্ত বাংলাদেশ গঠনে কারো সাথে আমরা আপস করবো না।
আমীরে জামায়াত বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাস, যার মধ্যে এটির লক্ষণ দেখা যায় তাকেই ফ্যাসিবাদ বলা যাবে। বর্তমান সরকারের মধ্যে এর প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে। আমরা সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা দেশের জনগণের ভালোবাসায় অবিভূত। বিভাগীয় পর্যায়ে আমাদের সমাবেশ ও লংমার্চ হয়েছে। এসকল কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের দাবিগুলো কোনো দলের নয়, আপামর জনতার।




