মালয়েশিয়ায় কম ভাড়ার বাসায় গাদাগাদি করে বিদেশিদের বসবাস
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৬:৩৩:২০ অপরাহ্ন
১৮৮ জনের পরিচয় যাচাই, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৩ নাগরিক আটক
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় তুলনামূলক কম বাড়িভাড়া এবং স্বদেশি ও পরিচিতজনদের প্রভাবে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বিদেশি নাগরিকদের বসতি বাড়ছে। রাজধানী কুয়ালালামপুর থেকে দূরবর্তী এলাকায় মাসে মাত্র ৪০০ রিঙ্গিত ভাড়ায় বাসা পাওয়া এবং আগে থেকে বসবাসরত পরিচিতদের সহযোগিতা বিদেশিদের এসব এলাকায় বসবাসে আকৃষ্ট করছে। এমনই একটি চিত্র উঠে এসেছে সেলাঙ্গর রাজ্যের বুকিত বেরুনতুং এলাকার সেরি সেমারাক অ্যাপার্টমেন্টে পরিচালিত অভিবাসন বিভাগের সমন্বিত অভিযানে।
সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন জানান, কুয়ালালামপুর থেকে দূরে এবং আশপাশে অভিবাসন বিভাগের কার্যালয় না থাকায় কিছু বিদেশি এসব এলাকায় বসবাসের সুযোগ নিচ্ছেন। অনেকে বৈধ কাগজপত্রধারী বন্ধু বা পরিচিতজনের সঙ্গে একই বাসায় অবস্থান করছেন।
১২ নভেম্বর রাতে পরিচালিত এ অভিযানে মোট ১৮৮ জন বিদেশি নাগরিকের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৭৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন মিয়ানমারের পুরুষ, ছয়জন বাংলাদেশি, একজন ভারতীয়, ২৬ জন পাকিস্তানি পুরুষ, ১৭ জন পাকিস্তানি নারী এবং চারজন নেপালের নাগরিক রয়েছেন।
অভিবাসন বিভাগের পরিচালক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রধানত বৈধ ভ্রমণ নথি না থাকা এবং অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ পাওয়া গেছে। বৈধ ভ্রমণ নথি না থাকার অপরাধে অভিবাসন আইনের ৬(১)(সি) ধারা এবং অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে ১৫(১)(সি) ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আটক ৭৩ জনকে আরও যাচাই-বাছাইয়ের জন্য নিয়ে যাওয়া হবে। পরবর্তী সময়ে তাদের সেমেনিয়াহ অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হবে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন পুরুষ। তাদের বয়স এক থেকে ৫৫ বছরের মধ্যে। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এলাকার অধিকাংশ বিদেশি ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। একটি বাসায় চার থেকে সাতজন পর্যন্ত একসঙ্গে থাকছেন। কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ নিজ দেশের বন্ধু ও পরিচিতদের সঙ্গে ভাগাভাগি করে বাসা ভাড়া নিয়েছেন। খাইরুল আমিনুস কামারুদ্দিন বলেন, স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিদেশিদের একটি অংশের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় চলাফেরা, উচ্চস্বরে হৈচৈ এবং স্থানীয়দের নিষেধ উপেক্ষা করার অভিযোগ ছিল। এসব ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছিল। অভিবাসন বিভাগের অভিযান পরিচালনায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ওই এলাকায় বৈধ অনুমতিপত্র নিয়ে বসবাসকারী বিদেশিরাও রয়েছেন। তাদের কেউ নিরাপত্তাকর্মী হিসেবে, কেউ নির্মাণ খাতে কাজ করছেন। আবার অনেকে প্রতিদিন কুয়ালালামপুর পর্যন্ত যাতায়াত করে কর্মস্থলে দায়িত্ব পালন করেন। বৈধ পাসধারী এবং অনুমোদিত সময়ের মধ্যে অবস্থানরত কাউকে আটক করা হবে না।
অভিযানে মালয়েশিয়ার বিভিন্ন সরকারি সংস্থার ১৩৫ জন সদস্য অংশ নেন। এর মধ্যে সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের ৯৯ জন কর্মকর্তা ও সদস্য, জাতীয় নিবন্ধন বিভাগের পাঁচজন, জাতীয় মাদকবিরোধী সংস্থার (এএডিকে) নয়জন এবং হুলু সেলাঙ্গর পৌর পরিষদের ২২ জন সদস্য ছিলেন।
অভিযান চলাকালে এক থেকে দুজন বিদেশি পালানোর চেষ্টা করেন। তাদের কেউ কেউ ভবনের ছাদে ওঠার চেষ্টা করলেও অভিযান পরিচালনাকারী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এদিকে, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে চালু করা অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম) আগামী ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক।
তিনি বলেন, যেসব বিদেশির বৈধ পাস নেই কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করছেন, তারা কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগেই স্বেচ্ছায় অভিবাসন কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ ক্ষেত্রে একমুখী দেশে ফেরার টিকিট এবং ৫২০ রিঙ্গিত ফি জমা দিতে হবে।
তার ভাষ্য, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের আটক না করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফেরার সুযোগ দেওয়া হবে। তাই কর্মসূচির সময়সীমা শেষ হওয়ার আগেই সংশ্লিষ্টদের এ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।




