সীমান্তে ১৯ বিজিবির ১২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৮:৪৯:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি সূত্র জানিয়েছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিসমিস, ৬৯০ কেজি জিরা, ১৫টি শাড়ি ও ৬২০টি ফেসওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮ হাজার টাকা।
রোববার (১৫ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে এধরনের অভিযান অব্যাহত থাকবে।





