নবীগঞ্জে সুদের ফাঁদে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৪৭:০৪ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চড়া সুদের কারবারে নিঃস্ব হয়ে পড়ছেন অসংখ্য পরিবার। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে সুদের কারবার ছড়িয়ে পড়েছে। বিপদে পড়ে ঋণ নেওয়া মানুষ সুদ পরিশোধ করতে গিয়ে ক্রমেই ঋণের জালে জড়িয়ে পড়ছেন। অনেক ক্ষেত্রে আসল টাকার কয়েক গুণ পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারছেন না তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কেউ ১০ হাজার টাকা ধার নিলে তাঁকে মাসে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত সুদ দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সুদের হার মাসে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বলে অভিযোগ রয়েছে। সময়মতো সুদ দিতে না পারলে মূল টাকার সঙ্গে সুদের পরিমাণও বাড়তে থাকে। এতে অনেক পরিবার গরু-ছাগল, গাছপালা এমনকি শেষ সম্বল ভিটেমাটিও বিক্রি করতে বাধ্য হচ্ছে।
উপজেলার পল্লী এলাকার বাসিন্দা মোস্তফা মিয়া বলেন, প্রথমে বিপদগ্রস্ত, অসহায় ও দিনমজুর পরিবারকে অল্প টাকা দিয়ে সাহায্যের নামে ফাঁদে ফেলা হয়। পরে সাদা কাগজ, স্ট্যাম্প কিংবা চেকের পাতায় স্বাক্ষর নিয়ে রাখা হয়। সময়মতো সুদ দিতে না পারলে সুদের ওপর সুদ চাপিয়ে দেওয়া হয়। এভাবে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে।
সম্প্রতি উপজেলার দীঘলবাক ইউনিয়নে সুদের টাকা পরিশোধ করতে না পেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গজনাইপুর ইউনিয়নের দিনমজুর ধনর উদ্দিন বলেন, মেয়ের বিয়ের জন্য তিনি ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। দুই বছরে সুদসহ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেছেন। তারপরও আরও টাকা পাওনা রয়েছে বলে চাপ দেওয়া হচ্ছে।
সুদখোরদের খপ্পরে সবচেয়ে বেশি পড়ছেন হাওরপাড়ের দরিদ্র কৃষক, দিনমজুর, রিকশা-ভ্যানচালক, প্রবাসীদের স্ত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকেই ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় বাধ্য হয়ে চড়া সুদে টাকা নিচ্ছেন। শীত মৌসুমে কাজের সুযোগ কমে যাওয়ায় ঋণের সুদ পরিশোধ করা তাঁদের জন্য আরও কঠিন হয়ে পড়েছে। এতে পরিবারে অশান্তি, ঝগড়া-বিবাদ এমনকি গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।
সচেতন মহলের মতে, সুদের কারবারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে নবীগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। এলাকাবাসীর দাবি, উপজেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সুদের কারবারে জড়িত চক্রগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি দরিদ্র মানুষের জন্য সহজ শর্তে সরকারি ও ব্যাংকঋণের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে কেউ বাধ্য হয়ে চড়া সুদের ফাঁদে না পড়েন।



