ছাতকে বাংলা কিউআর ব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৫:৪৩:৫৪ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে বাংলা কিউআর ব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে ১৫টি ব্যাংকের সহযোগিতায় এবং এবি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘এক দেশে এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ স্লোগান সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার। সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ছাতক শাখার ব্যবস্থাপক মো. রাফি মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন পিপিএম। শুরুতে স্বাগত বক্তব্য দেন এবি ব্যাংকের ভিপি ও আঞ্চলিক প্রধান আহমদ মান্নান পান্না।
সকাল সাড়ে ১১টায় বাংলা কিউআর ব্যবহার বিষয়ে সচেতনতামূলক মনোগ্রামসংবলিত গেঞ্জি পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার কনফারেন্স রুমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে মূল সভা শুরু হয়। সভায় বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল বাংলা কিউআর ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বাংলা কিউআর ব্যবহারের ওপর একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে নগদ অর্থ বহনের ঝামেলা, ছেঁড়া-ফাটা ও অচল নোটের সমস্যা এবং জাল নোট গ্রহণের ঝুঁকি এড়ানো সম্ভব। পাশাপাশি নগদ অর্থ বহনজনিত চুরি-ছিনতাইয়ের আশঙ্কা কমে। দ্রুত ও সহজে লেনদেনের পাশাপাশি প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকে। সভায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন। বক্তারা সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে আগ্রহী হওয়ার আহ্বান জানান।




