আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৯:০৮:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান নামে পরপর তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর অনুকূল পরিবেশ পেলে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
উপগ্রহচিত্রভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। ৩০ নভেম্বরের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ২ ডিসেম্বর নাগাদ সিস্টেমটির শক্তি আরও বাড়তে পারে।
প্রাথমিক পূর্বাভাসে সিস্টেমটির পশ্চিম থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু অথবা শ্রীলঙ্কা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এর সম্ভাব্য গতিপথ ও শক্তি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। কোনো কোনো মডেল বলছে, সমুদ্রের ওপরেই এটি উল্লেখযোগ্য শক্তি অর্জন না করে দুর্বল হয়ে যেতে পারে।
সম্ভাব্য গতিপথ নিয়েও এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আবহাওয়ার দুটি প্রধান মডেলের একটির পূর্বাভাসে সিস্টেমটির মিয়ানমারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত রয়েছে। অন্য মডেলটি শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের উপকূলমুখী গতিপথ দেখাচ্ছে। ফলে শেষ পর্যন্ত এটি কোন দিকে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গত ২৭ নভেম্বরের জিএফসি মডেলের সর্বশেষ হালনাগাদেও সিস্টেমটির সম্ভাব্য অবস্থান ও অগ্রসর হওয়ার প্রবণতা উঠে এসেছে। তবে পরবর্তী পূর্বাভাসে এর শক্তি ও গতিপথের চিত্র বদলে যেতে পারে।
এদিকে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে ভারতের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে টানা দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। এ সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ‘কানি’ তৈরি হওয়া বা এর নির্দিষ্ট গতিপথ নিশ্চিত হয়নি। ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয় কি না, তা নির্ভর করছে পরবর্তী আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাসের ওপর।





