জৈন্তা সীমান্তে খাসিয়ার গুলীতে বাংলাদেশী কিশোর নিহত
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ৮:৪১:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: ভারতীয় খাসিয়ার গুলীতে এবার প্রাণ গেলো বাংলাদেশী কিশোরের। বুধবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। নিহত কিশোর মো. মারুফ মিয়া (১৬) জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান- বুধবার দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এসময় খাসিয়া কয়েকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে খাসিয়া একজন তার একনলা গাঁদা বন্দুক দিয়ে মারুফের শরীরে গুলি করেন। পরে মারুফকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে। পরিবারের সদস্যরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এদিকে, ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফ-কে প্রতি প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদ লিপি প্রেরণ করে অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।






