সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৬:৫৩:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের মসজিদে এশার নামাজরত অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান ও গ্রেফতার ফজলুর রহমান আপন দুই ভাই। তারা বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৬০) মসজিদে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় তার বড় ভাই ফজলুর রহমান (৮০) পেছন থেকে দেশীয় অস্ত্র (মুগুর) দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুজিবুর রহমানকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বুধবার ভোরে বিশ্বম্ভপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঘাতক ফজলুর রহমানকে গ্রেফতার করে। এ বিষয়ে বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুখলেছুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এশার নামাজের সময় নামাজরত অবস্থায় মুজিবুর রহমান খুন হন। এ ঘটনায় বুধবার ভোরে ঘাতক ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হত্যার দায় স্বীকার করেছে।







