রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫০:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনাস্থল বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে। মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে নগর ভবনের সংর্বধনাস্থলে ১০ থেকে ১৫ মিনিট বিদ্যুৎ ছিল না। তবে তখনও রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি।
দুপুর ২টা থেকেই আমন্ত্রিত অতিথিরা সংবর্ধনাস্থল সিলেট সিটি করপোরেশনে এসে হাজির হতে শুরু করেন। বেলা পৌনে ৩টার কিছু আগে হঠাৎ নগর ভবনের বিদ্যুৎ চলে যায়। অন্ধকার হয়ে পড়ে মঞ্চ। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। পরে বিদ্যুৎ আসে।
তবে এটি কোন লোডশেডিং ছিল না বলে জানিয়ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন। তিনি বলেন, রাষ্ট্রপতির অনুষ্ঠানে লোডশেডিং করার তো প্রশ্নই আসে না। এটি অন্য কোন গোলযোগের কারণে হতে পারে।
তিনি বলেন, রাষ্ট্রপতি আসায় সিলেটে কোন লোডশেডিং নেই। তবে লো ভোল্টেজের কিছু সমস্যা আছে। সেটিও আমরা ঢাকার সাথে কথা বলে সমাধান করেছি।







