মধ্যনগরে নৌকাডুবিতে বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৬:৫৪:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকাডুবিতে শামছুন্নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শামছুন্নাহার বেগম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী। শামসুন্নাহার পরিবারের পাঁচ সদস্যসহ দুই দিন আগে বেড়াতে গিয়েছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্বরসতীপুর গ্রামে বাবার বাড়িতে। সকালবেলা স্বরসতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকায় ২৫-৩০ জন যাত্রীর সঙ্গে তারা মধ্যনগরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকার অন্য যাত্রীরা সবাই নিরাপদে তীরে উঠেছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে।







