কুলাউড়ায় শিক্ষার্থীদের সচেতনতামূলক শপথগ্রহণ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৯:০২:৪৬ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ’র আয়োজনে শিক্ষার্থীদের সচেতনতামূলক শপথগ্রহণ অনুষ্ঠান ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার অগ্রণী উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩০০ শিক্ষার্থী মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে না বলে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।
অনুষ্ঠানের শুরুতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর সম্পাদনায় প্রকাশিত ‘সবুজ পৃথিবী’ শিরোনামের দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক।
পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ওসি ওমর ফারুক শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোন্তাজ আলী, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক মাহফুজুর রহমান শাকিল এবং যুক্তরাজ্য থেকে ফোনে বক্তব্য রাখেন কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন।
অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রেদোয়ানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সিনিয়র শিক্ষক এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, জয়রাজ উল্লা, মীরা শর্মা, শিমুল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক মহিউদ্দিন রিপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
একই দিনে সংগঠনটি লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করে। এসব খুদে শিক্ষার্থী চারা হাতে নিয়ে দেশপ্রেমের শপথ নেয়।






