পর্যটনে তারুণ্য উৎসব উপলক্ষে সাইক্লিং ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৬:১১:১২ অপরাহ্ন

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় ‘পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫’- উপলক্ষে সিলেটে সাইক্লিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নগরীর সারদা হলের সামনে ক্বীনব্রীজ এর নিচে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসেন সিংহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরের জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক বোরহান উদ্দিন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাংবাদিক গোলজার আহমেদ হেলাল।
সিলেট সাইক্লিং কমিউনিটির সহযোগিতায় ক্বীনব্রীজ থেকে লাক্কাতুরা চা বাগান পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে ভলন্টিয়ার অব বাংলাদেশ, সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিডি ক্লিন বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫ এ উপলক্ষে সিলেটে পর্যটন বিষয়ে ইনোভেটিভ আইডিয়া হ্যান্ডিং, লুডু প্রতিযোগিতা, পর্যটন আকর্ষণে ফটো এবং ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞপ্তি




