মেয়র হওয়ার পর মামদানির প্রথম জুমার নামাজ আদায়
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৮:৪১:২৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে প্রথম জুমার নামাজ আদায় করেছেন জোহরান মামদানি। শুক্রবার যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে একটি মসজিদে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন তিনি। এ সময় তাকে স্থানীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান।সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। খুতবার পর এই নেতা সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায়।
মাত্র দুই দিন আগে জোহরান মামদানি নিউইয়র্কে মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের ইতিহাসে রেকর্ড। এর মধ্যে অর্ধেকেরও বেশি ভোট পান মামদানি।
এর আগে বৃহস্পতিবার তিনি পুয়ের্তো রিকো সফরে যান বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নিতে। সান হুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা একত্রিত হন। সম্মেলনে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগও থাকে।
নির্বাচনের পর এটি জোহরান মামদানির প্রথম বড় রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরে তিনি তার একটি টিম নিয়ে অংশ নিচ্ছেন এবং ইতোমধ্যে সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন। সম্মেলনে তিনি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন। লেটিটিয়া জেমস ছিলেন মামদানির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান সমর্থক।





