সিলেট বিচার বিভাগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৪৬:৩০ অপরাহ্ন

২০০৫ সালের ১৪ নভেম্বর নৃশংস জঙ্গি হামলায় নিহত বিচারক জগন্নাথ পাড়ে ও শহিদ সোহেল আহম্মেদ স্মরণে এবং গত ১৩ নভেম্বর ঘাতকের ছুরিকাঘাতে নিহত রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পুত্র তাওসিফ রহমান সুমনের আত্মার মাগফেরাত কামনায় রোববার সিলেট বিচার বিভাগের উদ্যোগে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিলেটের শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরা, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভূঞাসহ অন্যান্য বিচারকবৃন্দ।
স্মরণসভা ও দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিচারকদের নিরাপত্তার বিষয়ে আলোচকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। সভায় বক্তারা বিচারকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর নিরাপত্তা প্রদান করার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি





