পরিবেশের দোহাই দেওয়া চলবে না, আমাদের হিস্যা বুঝিয়ে দিতে হবে: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৭:৩০:২১ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই এলাকার সম্পদ থেকে সারা দেশের উন্নয়ন হয়। অথচ আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। সিলেট নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমি যদি নির্বাচিত হই তাহলে তারেক রহমানের পরিকল্পনামাফিক এই তিন উপজেলাকে এমনভাবে গড়ে তুলবো, যাতে কেউ প্রবেশ করলেই মনে হবে প্রকৃত অর্থেই তারা একটি পর্যটন এলাকায় প্রবেশ করেছেন। তিনি আরও বলেন, পরিবেশের দোহাই দেওয়া আর চলবে না। এটা আর হতে দেয়া হবে না, আমাদের হিস্যা বুঝিয়ে দিতে হবে। আমরা রাষ্ট্রের ক্ষতি, পরিবেশের ক্ষতি চাইনা। তবে সনাতন পদ্বতিতে আমরা পাথর উত্তোলন করে, এই এলাকা ও দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই।
বুধবার জৈন্তাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ঐতিহ্যবাহী ইরা দেবী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বার, তেরা মিয়া, ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ, ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মেম্বার, জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস শুকুর, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক সুহেল আহমদ, জৈন্তা উপজলা কৃষক দলের সভাপতি আল মামুন, জৈন্তা উপজেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি হারুনুর রশীদ সরকার, জাসাসের সাধারণ সম্পাদক সাদিক আহমদ, জৈন্তা উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক শাহজাহান সিদ্দিকী, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম। বিজ্ঞপ্তি





