সর্বত্র ভূমিকম্প আতঙ্ক বন্ধ বিশ্ববিদ্যালয়, বন্ধ গ্যাস কূপ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৯:১২:০৭ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : সাপ্তাহিক ছুটির দুই দিনে ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ ভূমিকম্প আতঙ্কে দিন কাটিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় ঠিক কী করতে হবে সেই হিসেব-নিকেশ এখন শুধু সাধারণ মানুষেরই নয় বরং সরকারের পক্ষ থেকেও নানা ঘোষণা দেওয়া হচ্ছে।রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষ কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের পর বেশ কিছু ভবনে ফাটল ধরা, হেলে পড়াসহ নানা ত্রুটি-বিচ্যুতির খবর পাওয়া যায়। ভূমিকম্পের জেরে সারা দেশে ১১ জনের ম্তৃ্যু হয়।
উদ্ভুত পরিস্থিতিতে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আগামীকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গ্যাস কূপ খনন ও ভূতাত্বিক জরিপ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকম্প আতঙ্কে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।একইসাথে ঢাবির চিকিৎসা অনুষদের অধীনে চলমান এমবিবিএস পরীক্ষাগুলো আগামী ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোববার ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। পরে বিকেলে বৈঠকে সোমবার থেকে ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়।এছাড়া বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে ফাটল দেখা দেওয়ায় অনলাইন ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভূমিকম্পের আগাম সতর্ক বার্তা পাওয়া যায়, এমন অ্যাপ তৈরি করা যায় কিনা বিষয়টি বিবেচনা করছে সরকার।
১০ সেকেন্ড আগে ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “ভূমিকম্প নিয়ে কোনো দেশে আর্লি ওয়ার্নিং(আগাম সতর্কতা) আছে কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের দেশে ওইরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। তবে অনেক দেশ কিছু অ্যাপ তৈরি করেছে যার মাধ্যমে ভূমিকম্প সংঘটিত হওয়ার ১০ সেকেন্ড পূর্বে সতর্কতামূলক বার্তা জানানো হয়। আমাদের দেশেও এ ধরনের আগাম সতর্কতামূলক মোবাইল অ্যাপ চালু করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।
একইসাথে বিল্ডিং কোড বা ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করলে ভবিষ্যতে অবস্থা আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া জলাশয় ভরাট করে ভবন নির্মাণের কারণে অনেক ঝুঁকি তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
৪৮ ঘণ্টা বন্ধ গ্যাস অনুসন্ধান :
জালালাবাদ রিপোর্ট : ভূমিকম্পের ঝুঁকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেট্রোবাংলা তাদের অধীনস্থ কোম্পানিগুলোর সব ধরণের কূপ খনন ও সিসমিক জরিপ (ভূকম্পন জরিপ) কাজ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করেছে। রোববার পেট্রোবাংলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কূপ খনন ও সিসমিক জরিপের কাজে নিয়োজিত জনবলের নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ নভেম্বর পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, পেট্রোবাংলার অধিভুক্ত কোম্পানিগুলোতে চলমান অনুসন্ধান এবং কূপ সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামী ২৫ নভেম্বর সকাল ৮টায় পুনরায় এসব কার্যক্রম শুরু হবে।
স্থগিত হওয়া কূপগুলো হলো-শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০এক্স এবং রশিদপুর-১১। বর্তমানে এসব কূপে খনন, অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রমের বিভিন্ন ধাপের কাজ চলছিল।
এর পাশাপাশি কারিগরি দলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যন্ত্রপাতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলমান সিসমিক জরিপ কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, ভূমিকম্পের সময় সংবেদনশীল যন্ত্রপাতি এবং মাঠ পর্যায়ের কার্যক্রম ঝুঁকির মুখে পড়তে পারে বলেই এই সতর্কতা।উল্লেখ্য, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এই কম্পনে রাজধানী ঢাকার ভবনগুলো কেঁপে ওঠে এবং এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এছাড়া শনিবারও তিন দফা মৃদু কম্পন অনুভূত হয়েছে।





