ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহার বৈষম্যবিরোধী ২ ছাত্রনেতা আটক
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:৩৮:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ট্রাফিক সিগন্যাল উপেক্ষা ও পুলিশের সাথে দুর্ব্যবহারের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বন্দরবাজার কোর্টপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- ইব্রাহিম আহমেদ নীল এবং মো. রাফি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে নগরীর কোর্টপয়েন্ট এলাকায় মোটরসাইকেল আরোহী বৈষম্যবিরোধী দুই ছাত্রনেতাকে সিগন্যাল দেয় ট্রাফিক পুলিশ। হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধে মামলা দিতে গেলে উত্তেজিত হয়ে ওঠেন তারা। এরপর মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলেও তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে ট্রাফিক পুলিশ তাদের মোটরসাইকেল রেকার করে। পরে কোতোয়ালী থানাপুলিশ এসে ওই দুই ছাত্রনেতাকে থানায় নিয়ে যায়। পুলিশের অভিযোগ, ওই দুই ছাত্রনেতা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছেন।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাদের অভিযোগ, পুলিশ তাদের সাথে অসদাচরণ করেছে। পুলিশ অসদাচরণ করায় বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। তারা পুলিশের কোন কাজে বাধা দেননি।
এ বিষয়ে জানতে এসএমপির মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা কেউ ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া হয়নি।
তবে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিকের ডিসি) সুদীপ্ত রায় জানান, ট্রাফিক সিগন্যাল উপেক্ষা ও পুলিশের সাথে দুর্ব্যবহারের অভিযোগে ২ জনকে আটকের খবর পেয়েছি। বিষয়টি সরাসরি কমিশনার স্যার দেখছেন। তাই এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাইনা।





