বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৯:০১:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে বালুভর্তি ট্রাকে অভিনব কায়দায় পাচারের সময় ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এঘটনায় ট্রাকের চালক মো. আলাল (৩৫) কে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে জৈন্তাপুর থানার নিজপাট ইউনিয়নের নয়াখেল এলাকায় সারী নদীর সেতুর উত্তর পাড়ে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এসময় ট্রাকের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটক আলাল গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতী গ্রামের সিদ্দেক আলীর ছেলে। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা। এছাড়া পাচারে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১ নম্বরের হলুদ রঙের ট্রাকটিও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার। এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়েরপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।






