স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৯:১২:৫৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: শতবর্ষী স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর তিন দিন পর তার কবর জিয়ারত করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ।
বৃহস্পতিবার সকালে পুত্রজয়ার প্রেসিন্ট ২০ ইসলামিক কবরস্থানে গিয়ে স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দেন তিনি। পরে দুই হাত তুলে দোয়া করেন এবং কিছুক্ষণ নীরবে অবস্থান করে কবরস্থান ত্যাগ করেন। কবরস্থানে মাহাথিরকে নীরব অবস্থায় দেখা যায়। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সেখান থেকে বেরিয়ে যান।
গত ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান সিতি হাসমাহ। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো তার কবর জিয়ারতে গেলেন মাহাথির।
সিতি হাসমাহ ছিলেন একজন চিকিৎসক ও মালয়েশিয়ার জাতীয় জীবনে পরিচিত ব্যক্তিত্ব। ১৯৫৬ সালে মাহাথিরের সঙ্গে তার বিয়ে হয়। প্রায় সাত দশকের দাম্পত্য জীবনে মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক পথচলার বিভিন্ন পর্যায়ে তিনি পাশে ছিলেন এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথমবার এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দ্বিতীয়বার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সিতি হাসমাহর মৃত্যুর পর ২৮ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ইস্তানা নেগারা থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায়ের আয়োজন করা হয়। এতে রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার পুত্রজয়ার নীরব কবরস্থানে স্ত্রীর কবরে ফুল দিয়ে দোয়া করেন মাহাথির। প্রায় সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর পর এটিই ছিল তার প্রথম কবর জিয়ারত।





